বাফলোর মেয়র নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে এগিয়ে শন রায়ান

Media

নিউইয়র্ক স্টেট সিনেটর শন রায়ান আসন্ন নভেম্বর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে বাফলোর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ডেমোক্রেটিক প্রাইমারিতে জয় লাভের পর তার মনোনয়ন নিশ্চিত হয়েছে। তবে এখনো স্পষ্ট নয় কারা কারা সাধারণ নির্বাচনে প্রার্থী হিসেবে টিকে থাকবেন।

মঙ্গলবার রাতে ঘোষিত ফলাফলে শন রায়ান ডেমোক্রেটিক প্রাইমারিতে বিজয়ী হন এবং অন্তর্বর্তীকালীন মেয়র ক্রিস স্ক্যানলনকে পরাজিত করেন। রায়ান মনে করেন, অ্যালবানি শহরে রাজ্য সরকারে কাজ করার অভিজ্ঞতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

তিনি বলেন, `রাজ্য সরকারের অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমি জানি রাজ্য সরকার কীভাবে তহবিল দেয়। আমি জানি, কোনো শহর যখন অ্যালবানিতে সাহায্য চায়, তখন সেটা কীভাবে চাওয়া উচিত এবং রাজ্য সরকার কীভাবে প্রতিক্রিয়া জানায়।‘

স্ক্যানলন প্রায় ৩,০০০ ভোটে রায়ানের পিছনে ছিলেন। তার মূল ভোটব্যাংক ছিল সাউথ বাফলো এলাকায়। ফল ঘোষণার পর আবেগপ্রবণ হয়ে স্ক্যানলন বলেন, `এই প্রচারণায় আমাদের দলের যে পরিশ্রম, তার মূল্য আমার কাছে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।

ফলাফলের আগে স্ক্যানলন বলেছিলেন, তিনি নভেম্বরের নির্বাচনে ‘গুড নেইবার্স পার্টি’র ব্যানারে প্রার্থী হিসেবে থাকবেন। তবে বুধবার সকালে তার এক মুখপাত্র জানান, স্ক্যানলন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি এবং তিনি বিষয়টি নিয়ে পরিবারের সঙ্গে আলোচনা করবেন।

এদিকে, সাবেক বাফেলো ফায়ার কমিশনার গারনেল হুইটফিল্ড বুধবার ঘোষণা দিয়েছেন যে, তিনি আনুষ্ঠানিকভাবে মেয়র পদ থেকে সরে দাঁড়াচ্ছেন এবং তৃতীয় দলীয় প্রার্থী হিসেবেও আর প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

হুইটফিল্ড বলেন, তিনি এবং তার দল বাফেলো কমিউনিটিতে যুক্ত থাকবেন, তবে সেটা হবে অন্যভাবে—মেয়রের দৌড়ে না থেকে। তিনি জানান, ন্যায়বিচার ও সমতার জন্য কাজ চালিয়ে যাবেন এবং নির্বাচিত নেতাদের জবাবদিহিতার মধ্যে রাখবেন।

কমিউনিটি অ্যাক্টিভিস্ট মাইকেল গেইনার নিজস্ব দল "Restore Buffalo Party Line" গঠন করে ব্যালটের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

অন্যদিকে, রিপাবলিকান সমর্থিত প্রার্থী জেমস গার্ডনার এক বিবৃতিতে বলেন, `আমি মেয়র প্রার্থী হচ্ছি কারণ বাফেলো এই নির্বাচনে সত্যিকারের একটি বিকল্পের যোগ্য। শন রায়ান সেই একই ডেমোক্রেটিক পার্টির মনোনীত প্রার্থী, যারা গত কয়েক দশকে বাফেলোর পতনের দায়িত্বে ছিল।‘

তিনি আরও বলেন, `আমাদের শহর সংকটে রয়েছে—ডাউনটাউন জনশূন্য হয়ে পড়ছে, অপরাধ বাড়ছে, আর কর্মজীবী পরিবারগুলো অর্থনৈতিক চাপে জর্জরিত। রিপাবলিকান এবং কনজারভেটিভ পার্টির সমর্থন নিয়ে আমি প্রতিটি পাড়া-মহল্লায় যাচ্ছি, প্রতিটি ভোটারের কাছে পৌঁছাতে চাই যারা নিরাপদ, শক্তিশালী এবং সাশ্রয়ী বাফেলোর পক্ষে আছেন। আমি আমন্ত্রণ জানাই সবাইকে, যারা বাফেলোর ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তারা যেন আমাদের প্রচারণায় যোগ দেন।‘

এখন পর্যন্ত নিশ্চিত প্রার্থী শন রায়ান হলেও, চূড়ান্ত ব্যালটে কারা থাকবেন তা নিয়ে সংশয় রয়ে গেছে। নভেম্বরের সাধারণ নির্বাচন পর্যন্ত এই দৌড়ে নাটকীয়তা অব্যাহত থাকতে পারে।