ক্যালিফোর্নিয়ার একটি মহাসড়কে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দমকল বিভাগ।
সাক্রামেন্টো ফায়ার ডিপার্টমেন্ট জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে হেলিকপ্টারটি ইস্টবাউন্ড হাইওয়ে ৫০–এর ৫৯তম স্ট্রিট সংলগ্ন এলাকায় বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে দু’জন নারী ও একজন পুরুষ অবস্থান করছিলেন। তারা সবাই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।
দমকল কর্মকর্তাদের বরাতে জানা যায়, এক যাত্রী হেলিকপ্টারের নিচে আটকা পড়েছিলেন। সাক্রামেন্টো ফায়ার ক্যাপ্টেন জাস্টিন সিলভিয়া ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, “আমাদের ক্যাপ্টেন সঙ্গে সঙ্গে আশপাশে থাকা সাধারণ মানুষদের সাহায্য চান। তারা মিলে হেলিকপ্টারের একাংশ তুলতে সক্ষম হন এবং ওই ব্যক্তিকে উদ্ধার করা যায়।”
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, হেলিকপ্টারটি রিচ এয়ার মেডিকেল সার্ভিসের নিবন্ধিত। দুর্ঘটনার সময় হেলিকপ্টারে কোনো রোগী ছিল না; বরং একজন পাইলট, এক নার্স ও এক প্যারামেডিক ছিলেন।
রিচ এয়ার মেডিকেল সার্ভিস সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানিয়েছে, তারা ঘটনার বিষয়ে অবগত এবং বিস্তারিত জানার চেষ্টা করছে।
বিবৃতিতে বলা হয়, “আমাদের হেলিকপ্টার দুর্ঘটনার বিষয়টি আমরা জানি। আমাদের ক্রুদের সবাইকে হাসপাতালে নেওয়া হয়েছে। আমরা তাদের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করছি। সবার উদ্বেগ ও সহমর্মিতার জন্য ধন্যবাদ জানাই, যথাসময়ে হালনাগাদ তথ্য জানানো হবে।”
দুর্ঘটনার সময় মহাসড়কে আটকা পড়ে থাকা চালক ডেভিড বাইটকোভিয়াক সিএনএনকে বলেন, তিনি ট্রাফিক জ্যামে বসে ছিলেন যখন হঠাৎ দেখতে পান একটি হেলিকপ্টার খুব নিচ দিয়ে উড়ছে। তখনই তিনি ভিডিও ধারণ শুরু করেন।
তিনি বলেন, “প্রথমে ভেবেছিলাম, হেলিকপ্টারটা আমার ওপরই পড়বে। সামনে ট্রাফিক জ্যাম, কোথাও যাওয়ার উপায় নেই। ভেবেছিলাম, এটা বিস্ফোরিত হবে, তাই ভয় পাচ্ছিলাম।”
বাইটকোভিয়াকের ধারণ করা ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ার পর পাশে কাত হয়ে পড়ে আছে, ব্লেডগুলো এখনো ঘুরছে, আর ধোঁয়া উড়ছে আকাশে।
ঘটনার পর আকাশ থেকে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, একটি লাল রঙের হেলিকপ্টার একপাশে উল্টে পড়ে আছে, ককপিটের কাচ ভেঙে গেছে এবং চারপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে।
ক্যাপ্টেন সিলভিয়া বলেন, “দুর্ঘটনাস্থলে বিশাল ধ্বংসাবশেষের চিহ্ন দেখা গেছে। আরও বড় ক্ষয়ক্ষতি হয়নি, এটা সত্যিই ভাগ্যজনক।”
দমকল বিভাগ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৮ মিনিটে ঘটনাস্থলে দমকল ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়।
দুর্ঘটনার কারণে হাইওয়ের পূর্বমুখী লেন সাময়িকভাবে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল–এর মুখপাত্র অফিসার মাইকেল হারপার বলেন, রাস্তা “দীর্ঘ সময়ের জন্য” বন্ধ রাখতে হতে পারে।
সিএনএন জানিয়েছে, তারা সাক্রামেন্টো কাউন্টি শেরিফ অফিস, সাক্রামেন্টো পুলিশ, এফএএ, ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল ও রিচ এয়ার মেডিকেল সাভিংস এর সঙ্গে অতিরিক্ত তথ্যের জন্য যোগাযোগ করেছে।
ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ এর তথ্যমতে, হেলিকপ্টারটি দুর্ঘটনার আগে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি ডেভিস মেডিকেল সেন্টার, সাক্রামেন্টো থেকে উড্ডয়ন করে উত্তর দিকে যাচ্ছিল।
সিএনএন ওয়েদার জানিয়েছে, দুর্ঘটনার সময় এলাকায় আবহাওয়া ছিল পরিষ্কার ও শান্ত।
