যুক্তরাষ্ট্রের ওয়েস্টার্ন নিউইয়র্কের একাধিক কাউন্টির জন্য তুষারঝড়ের সতর্কতা জারি করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস। নায়াগ্রা, অরলিন্স, নর্দার্ন এরি ও জেনেসি কাউন্টিতে রবিবার দুপুর ১টা থেকে বুধবার বিকেল ৪টা পর্যন্ত এই সতর্কতা কার্যকর থাকবে। এছাড়া ওয়াইওমিং, চাটাকোয়া, ক্যাটারাগাস ও সাউদার্ন এরি কাউন্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে সোমবার সকাল ৭টা থেকে বুধবার বিকেল ৪টা পর্যন্ত।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই সময়ে ব্যাপক তুষারপাত ও প্রবল বাতাসের কারণে ব্লোয়িং স্নো দেখা দেবে। মোট তুষারপাতের পরিমাণ ১০ থেকে ২০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ ৫০ মাইল পর্যন্ত পৌঁছাতে পারে, যার ফলে তুষার উড়ে গিয়ে সড়কে জমে পড়বে এবং দৃশ্যমানতা মারাত্মকভাবে কমে যাবে।
শনিবার গভীর রাতে ওয়েস্টার্ন নিউইয়র্কে আঘাত হানবে আরেক দফা তীব্র আর্কটিক শীতল বাতাস, যা আগামী সপ্তাহের শুরু পর্যন্ত স্থায়ী হতে পারে। লেক এরি পুরোপুরি খোলা থাকায় এবং ওপর দিয়ে অত্যন্ত ঠান্ডা বায়ুপ্রবাহ বয়ে যাওয়ায় ‘লেক ইফেক্ট’ তুষারপাতের জন্য পর্যাপ্ত শক্তি ও আর্দ্রতা তৈরি হবে। এর ফলে কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় ঘন ঘন তুষারপাতের ব্যান্ড তৈরি হয়ে অঞ্চলজুড়ে ঘুরে বেড়াবে।
তবে যেহেতু এই আবহাওয়া পরিস্থিতি এখনও কয়েক দিন দূরে, তাই কোথায় সবচেয়ে বেশি তুষারপাত হবে-তা এখনো নিশ্চিত নয়। দুটি গুরুত্বপূর্ণ আবহাওয়া মডেলের পূর্বাভাসে পার্থক্য রয়েছে, বিশেষ করে কোন এলাকায় তুষারপাত বেশি হবে, সে বিষয়ে। তবে উভয় মডেলই একমত যে কয়েক দিন ধরে লেক ইফেক্ট তুষারপাত চলবে এবং কোথাও কোথাও এক ফুট বা তার বেশি তুষার জমতে পারে।
এক পূর্বাভাস অনুযায়ী, রোববার রাত থেকে সোমবার পর্যন্ত বাফলো শহর ও নর্থটাউনস এলাকায় লেক ইফেক্ট তুষারপাত হতে পারে, পাশাপাশি স্কি কান্ট্রি অঞ্চলে তুষারপাতের পরিমাণ আরও বেশি হতে পারে। অন্য পূর্বাভাসে বলা হয়েছে, বাফলো এলাকাতেও তুষারপাত হবে, তবে সময়কাল তুলনামূলক কম; সবচেয়ে বেশি তুষার জমবে সাউথটাউনস, বোস্টন হিলস ও চাটাকোয়া রিজ এলাকায়।
রোববার থেকে লেক ইফেক্ট তুষারপাত শুরু হবে, যা কিছু সময়ের জন্য বাফলো ও নর্থটাউনস এলাকায় প্রভাব ফেলতে পারে। ঘণ্টায় প্রায় ৪৫ মাইল বেগে ঝোড়ো হাওয়ার কারণে যাতায়াত হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। লেক ইফেক্ট ব্যান্ডের কারণে ওয়েস্টার্ন নিউইয়র্কজুড়ে আবহাওয়ার অবস্থা জায়গাভেদে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।
