যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টকশো ‘দ্য জিমি কিমেল শো’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে এবিসি নেটওয়ার্ক। বৃহস্পতিবার নেটওয়ার্কটির পক্ষ থেকে জানানো হয়, চার্লি কার্কের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে ঘিরে কিমেলের মন্তব্য ছিল “আক্রমণাত্মক ও অসংবেদনশীল”।
এবিসির সহযোগী প্রতিষ্ঠান নেক্সটার মিডিয়া এক বিবৃতিতে জানায়, “দেশের রাজনৈতিক পরিস্থিতি এখন অত্যন্ত সংকটপূর্ণ। এমন সময়ে কিমেলের মন্তব্য আমাদের নীতি, দর্শন এবং সামাজিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
ঘটনার সূত্রপাত সোমবারের পর্বে। সেদিন কিমেল বলেন, “এই সপ্তাহান্তে আমরা নতুনভাবে নিচে নামলাম। মাগা (মেক আমেরিকা গ্রেট এগেইন) গোষ্ঠী প্রাণপণে বোঝাতে চাইছে যে চার্লি কার্কের হত্যাকারী তাদের সঙ্গে সম্পৃক্ত নয়। অথচ তারাও এই ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা নিতে চাইছে।”
তিনি আরও ব্যঙ্গ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমবেদনা জানানোর ধরন নিয়ে বলেন, “চার বছরের একটি শিশু তার গোল্ডফিশ মারা গেলে যেভাবে প্রতিক্রিয়া দেখায়, ট্রাম্পের প্রতিক্রিয়াও তেমন।”
এরপর ফেডারেল কমিউনিকেশনস কমিশনের (এফসিসি) সচিব ব্রেন্ডন কার অনুষ্ঠানটি বন্ধ করার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, এ ঘটনায় তদন্ত হতে পারে এবং চ্যানেলের লাইসেন্স পর্যন্ত বাতিল হতে পারে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাইয়ে সিবিএস ঘোষণা দিয়েছিল, আগামী বছর থেকে আর সম্প্রচারিত হবে না জনপ্রিয় লেট-নাইট শো ‘দ্য লেট শো উইথ স্টিফেন কোলবেয়ার’। তবে অনুষ্ঠানটি বন্ধ হওয়ার সিদ্ধান্তের আগেই কোলবেয়ারের শো এবারের প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসে ‘আউটস্ট্যান্ডিং টক সিরিজ’ পুরস্কার জিতেছে।
পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় ভয়াবহ বন্দুক হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হন। পরে পুলিশের পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়।
বুধবার (স্থানীয় সময়) ইয়র্ক কাউন্টির কোডোরাস টাউনশিপে এ ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, রাজ্য পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস বলেন, কর্মকর্তারা সেখানে আগের দিনের একটি তদন্তের কাজে গিয়েছিলেন। যদিও তিনি বিস্তারিত জানাতে চাননি, তবে এটিকে পারিবারিক কলহ থেকে উদ্ভূত ঘটনা বলে উল্লেখ করেন।
কমিশনারের ভাষ্যে, বন্দুকধারীর গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিন পুলিশ কর্মকর্তা। আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তল্লাশির সময়েই এই সংঘর্ষ শুরু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গুলিবিনিময়ের একপর্যায়ে পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়। তবে এখনো তার পরিচয় প্রকাশ করা হয়নি। নিহত কর্মকর্তারাও কোন সংস্থার ছিলেন, সেটি তাৎক্ষণিকভাবে জানানো যায়নি।
ঘটনার পর হাসপাতালে ছুটে যান পেনসিলভানিয়ার গভর্নর জোশ শাপিরো। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, “আজ ইয়র্ক কাউন্টি এবং পুরো পেনসিলভানিয়ার জন্য এক ভয়াবহ ও হৃদয়বিদারক দিন।”
তিনি নিহত ও আহত কর্মকর্তাদের পরিবারের জন্য সবার কাছে প্রার্থনার আহ্বান জানান।
