ক্যালিফোর্নিয়ায় জন্মদিনের পার্টিতে গুলিতে ৪ জন নিহত, আহত ১০

Media

ক্যালিফোর্নিয়ার নর্দার্ন সিটির স্টকটনে একটি শিশুর জন্মদিনের পার্টিতে ভয়াবহ গোলাগুলির ঘটনা ঘটেছে, যেখানে অন্তত চারজন নিহত হয়েছেন এবং আরও দশজন আহত হয়েছেন।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার কিছু আগে একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ই রয়েছে, যদিও তাদের আঘাতের মাত্রা এখনও নিশ্চিত করা হয়নি।

ঘটনার পরও হামলাকারী পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি একটি “টার্গেটেড” বা লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে। সান জোয়াকিন কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র হিদার ব্রেন্ট ঘটনাটিকে “অচিন্তনীয়” বলে বর্ণনা করেছেন।

শেরিফ অফিসের বিবৃতিতে বলা হয়েছে, “এটি অত্যন্ত সক্রিয় ও চলমান তদন্ত। এখনো খুব সীমিত তথ্য পাওয়া যাচ্ছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি একটি লক্ষ্যভিত্তিক হামলা হতে পারে, এবং তদন্তকারীরা সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখছেন।”

স্টকটনের ভাইস মেয়র জেসন লি সামাজিক মাধ্যমে লিখেছেন, “একটি শিশুর জন্মদিনের পার্টিতে এমন গণহত্যার ঘটনা জানতে পেরে আমি বিধ্বস্ত ও অত্যন্ত ক্ষুব্ধ। জন্মদিনের পার্টি কখনও এমন জায়গা হওয়া উচিত নয় যেখানে পরিবারগুলো নিজেদের জীবনের জন্য শঙ্কিত হবে।”

 

বাফলোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২ শিশুর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের বাফলো শহরের এমএলকে পার্ক এলাকায় ভোরে লাগা এক ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই শিশুর মৃত্যু হয়েছে এবং আরও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছে সিটির এক মুখপাত্র।

শনিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে ফায়ার সার্ভিস ৬৯ ফ্রেঞ্চ স্ট্রিটের বাড়িটিতে আগুন লাগার খবর পায়। বাড়ির ভেতরে মানুষ আটকে থাকার রিপোর্ট পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলকর্মীরা।

দমকল কর্মকর্তা জানান, আগুন নেভানোর পর বাড়ির ভেতরে দুটি শিশুর মরদেহ পাওয়া যায়—একজন মাত্র ২ বছর বয়সী, অন্যজন ১০ বছরের। এছাড়া উদ্ধার করা হয়েছে দুই প্রাপ্তবয়স্ক এবং তিন শিশু—যাদের বয়স ৬, ৭ ও ৮।

এ ঘটনায় একটি কুকুর এবং দুটি বিড়ালও মারা গেছে।

অগ্নিকাণ্ডের কারণ এখনও তদন্তাধীন। প্রাথমিক হিসাব অনুযায়ী, বাড়ি ও ভেতরের সামগ্রী মিলিয়ে প্রায় তিন লাখ ডলারের ক্ষতি হয়েছে।

তদন্ত শেষ হলে জরুরি ভিত্তিতে ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে বলে জানায় সিটি কর্তৃপক্ষ। আগুনে পাশাপাশি থাকা দুটি পরিত্যক্ত বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।