মামদানিকে ঠেকাতে কুওমোকে সমর্থন ট্রাম্পের

Media

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমোকে সমর্থন জানিয়েছেন। তিনি ভোটারদের আহ্বান জানিয়েছেন যেন বামপন্থী প্রার্থী জোহরান মমদানিকে ভোট না দেন।

সোমবার রাতে ট্রুথ সোশালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আপনি অ্যান্ড্রু কুওমোকে পছন্দ করুন বা না করুন, আপনার কাছে আর কোনো বিকল্প নেই। আপনাকে তাকেই ভোট দিতে হবে এবং আশা করতে হবে তিনি দারুণ কাজ করবেন। তিনি তা করতে সক্ষম, কিন্তু মমদানি নয়।”

এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, যদি মমদানি মেয়র নির্বাচিত হন, তাহলে নিউইয়র্কের জন্য কেন্দ্রীয় সরকারের তহবিল “ন্যূনতম পর্যায়ে” সীমিত রাখা হবে।

রবিবার সিবিএসের ৬০ মিনিটস অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প মমদানিকে ‘কমিউনিস্ট’ আখ্যা দেন—যা মমদানি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। ট্রাম্প বলেন, “যদি নিউইয়র্কে একজন কমিউনিস্ট মেয়র হয়, তাহলে সেখানে অর্থ পাঠানো মানে সেই অর্থ নষ্ট করা।”

প্রেসিডেন্টের এই বক্তব্যের জবাবে মমদানি বলেন, “এটা কোনো নীতি নয়, এটা একধরনের হুমকি—আর আমি সেটাকেই তেমনভাবে বিবেচনা করছি।”

নিজেকে ‘গণতান্ত্রিক সমাজতন্ত্রী’ হিসেবে বর্ণনা করে মমদানি হাস্যরস করে বলেন, “আমি কিছুটা স্ক্যান্ডিনেভিয়ান রাজনীতিকের মতো—শুধু ত্বকের রঙটা একটু গাঢ়।”

ট্রাম্প প্রশাসন অতীতে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন অঙ্গরাজ্যগুলোতে ফেডারেল অনুদান কমানোর চেষ্টা করেছে। চলতি অর্থবছরে নিউইয়র্ক সিটি ফেডারেল তহবিল হিসেবে ৭.৪ বিলিয়ন ডলার পেয়েছে।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন অ্যান্ড্রু কুওমো, যিনি দীর্ঘদিন ধরে ট্রাম্পের সমালোচক ছিলেন এবং আগে নিউইয়র্কের ডেমোক্র্যাট গভর্নর ছিলেন। ট্রাম্পের এই মন্তব্যে কুওমো বলেন, “তিনি আমাকে সমর্থন করছেন না, তিনি মমদানির বিরোধিতা করছেন।”

জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাট প্রার্থী মমদানি এগিয়ে আছেন কুওমোর চেয়ে, যিনি প্রাথমিক নির্বাচনে পরাজিত হয়ে এবার স্বতন্ত্রভাবে লড়ছেন। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়া অনেক পিছিয়ে আছেন।

যদিও ট্রাম্প নিজে রিপাবলিকান, তিনি স্লিওয়াকেও সমর্থন দেননি। তার ভাষায়, “কার্টিস স্লিওয়াকে ভোট দেওয়া মানে মমদানিকেই ভোট দেওয়া।”

মমদানি পাল্টা মন্তব্যে বলেন, “মেগা আন্দোলনের (MAGA) কুওমোকে আলিঙ্গন করা প্রমাণ করে ট্রাম্প বুঝতে পেরেছেন—নিউইয়র্কের জন্য নয়, বরং তার নিজের জন্য কুওমোই হবেন সবচেয়ে উপযোগী মেয়র।”

সিবিএসের সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, “মমদানি মেয়র হলে, তিনি সাবেক মেয়র বিল দে ব্লাসিওকেও ভালো দেখাবে। আমি ব্লাসিওর সময় দেখেছি—তিনি ছিলেন ভয়ংকর ব্যর্থ। কিন্তু মমদানি তার চেয়েও খারাপ হবেন।”

নিউইয়র্কের কুইন্সে বেড়ে ওঠা এবং এখনো শহরটিতে সম্পত্তির মালিক ট্রাম্প বলেন, “আমি কুওমোর ভক্ত নই, তবে যদি একজন খারাপ ডেমোক্র্যাট আর একজন কমিউনিস্টের মধ্যে বেছে নিতে হয়, আমি সব সময় খারাপ ডেমোক্র্যাটকেই বেছে নেব।”

উল্লেখ্য, যদি জোহরান মমদানি মেয়র নির্বাচনে জয়ী হন, তবে তিনি হবেন নিউইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র এবং গত এক শতাব্দীতে সবচেয়ে কমবয়সী মেয়র।