যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থার মধ্যেও প্রায় ৪ কোটি ২০ লাখ নিম্নআয়ের মানুষের জন্য নির্ধারিত খাদ্য সহায়তা (ফুড এইড) বন্ধ করা যাবে না। এমনই রায় দিয়েছেন দুই মার্কিন ফেডারেল বিচারক।
আদালত রায় দিয়েছেন, সরকারকে অবশ্যই জরুরি তহবিল ব্যবহার করে “সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিসট্যান্স প্রোগ্রাম” (এসএনএপি) বা ফুড স্ট্যাম্প কর্মসূচির অর্থ প্রদান চালিয়ে যেতে হবে।
এ রায়ের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনি সরকারি আইনজীবীদের নির্দেশ দিয়েছেন আদালতের কাছে জানতে যে কীভাবে প্রশাসন বৈধভাবে এসএনএপি তহবিল সরবরাহ করতে পারে। তিনি যোগ করেন, “যদিও আমরা তাৎক্ষণিক নির্দেশনা পাই, তবুও দুর্ভাগ্যজনকভাবে বিলম্ব হবে।”
বর্তমানে যুক্তরাষ্ট্রে ১ অক্টোবর থেকে শুরু হওয়া ফেডারেল সরকারের অচলাবস্থার (শাটডাউন) কারণে সরকারি কার্যক্রম বন্ধ রয়েছে। এসএনএপি কর্মসূচির অর্থ আসে ফেডারেল বাজেট থেকে, যদিও এর বাস্তবায়ন করে প্রতিটি অঙ্গরাজ্য।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসডিএ) জানিয়েছে, বাজেট বন্ধ থাকার কারণে নভেম্বর মাসে তারা খাদ্য সহায়তার অর্থ বিতরণ করতে পারবে না, কারণ “তহবিল পুরোপুরি ফুরিয়ে গেছে।”
এসএনএপি প্রোগ্রামের আওতায় দরিদ্র পরিবারগুলোকে রিলোডযোগ্য ডেবিট কার্ড দেওয়া হয়, যার মাধ্যমে তারা খাদ্যপণ্য কিনতে পারে। গড়ে চার সদস্যের একটি পরিবার মাসে ৭১৫ ডলার পায়— অর্থাৎ প্রতিজন প্রতিদিন প্রায় ৬ ডলার (প্রায় ৪৫০ টাকা)।
কয়েকটি অঙ্গরাজ্য নিজেদের তহবিল থেকে ঘাটতি পূরণের ঘোষণা দিলেও, ফেডারেল সরকার তাদের সতর্ক করেছে যে এই অর্থ ফেরত দেওয়া হবে না।
ডজনখানেক অঙ্গরাজ্য ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে, যাতে সরকার প্রায় ৬০০ কোটি ডলারের (৬ বিলিয়ন) জরুরি তহবিল ব্যবহার করে এসএনএপি চালু রাখে।
ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম “ট্রুথ সোশ্যাল”-এ লিখেছেন, “যদি আদালত আমাদের উপযুক্ত আইনি নির্দেশনা দেয়, তবে এসএনএপি তহবিল সরবরাহ করা হবে-এটা হবে আমার জন্য গর্বের বিষয়।”
ম্যাসাচুসেটস ফেডারেল বিচারক ইন্দিরা তালওয়ানি রায়ে বলেন, মামলাকারী অঙ্গরাজ্যগুলো সম্ভবত জয়ী হবে, কারণ কংগ্রেসের উদ্দেশ্য ছিল “প্রয়োজনে কম পরিমাণে হলেও এসএনএপি সুবিধার অর্থ প্রদান নিশ্চিত করা।”
তিনি আরও নির্দেশ দেন, প্রশাসনকে সোমবারের মধ্যে জানাতে হবে তারা অন্তত নভেম্বর মাসের আংশিক সুবিধা প্রদানে জরুরি তহবিল ব্যবহার করবে কি না।
বিচারক তালওয়ানি বলেন, প্রশাসন ভুলভাবে মনে করেছে যে আইনি কারণে ইউএসডিএ জরুরি তহবিল ব্যবহার করতে পারবে না। ইউএসডিএ দাবি করেছিল, এই তহবিল সম্পূর্ণ মাসের এসএনএপি সুবিধা দেওয়ার জন্য যথেষ্ট নয়, কারণ প্রতি মাসে প্রায় ৮.৫ থেকে ৯ বিলিয়ন ডলার প্রয়োজন হয়।
রোড আইল্যান্ডের ফেডারেল বিচারক জন জে. ম্যাককনেল জুনিয়র আলাদা এক রায়ে ট্রাম্প প্রশাসনকে ৩ নভেম্বরের মধ্যে এসএনএপি এর পূর্ণ অর্থ প্রদান করার নির্দেশ দেন।
তিনি বলেন, সরকার চাইলে এসএনএপি এর জরুরি তহবিল ছাড়াও ১৯৩৫ সালের কৃষি সমন্বয় আইন অনুযায়ী গঠিত ২৩ বিলিয়ন ডলারের পৃথক তহবিল থেকেও এই অর্থ প্রদান করতে পারে।
যদি সরকার এই বিকল্প তহবিল ব্যবহার না করে, তবে ৫ নভেম্বরের মধ্যে জরুরি তহবিলের পুরোটা ব্যবহার করে আংশিক অর্থ প্রদান করতে হবে।
রোড আইল্যান্ডের মামলাটি দায়ের করেছে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহর ও বেসরকারি সংগঠন, যারা এসএনএপি স্থগিত করার পদক্ষেপকে “অবৈধ ও অমানবিক” বলে উল্লেখ করেছে।
বিচারক ম্যাককনেল বলেন, “এটি স্পষ্ট যে, এই সিদ্ধান্তের ফলে অসংখ্য পরিবার ও ব্যক্তি মারাত্মক ক্ষতির মুখে পড়বে, এমনকি অনেকে ইতিমধ্যেই আতঙ্কে দিন কাটাচ্ছে যে তারা পরিবারের জন্য খাবার জোগাড় করতে পারবে কি না।”
ইউএসডিএ এই রায়ের বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স সাংবাদিকদের বলেছেন, “আদালত যদি আমাদের তহবিল ছাড়ার নির্দেশ দেয়, আমরা সব বিকল্প বিবেচনা করছি।”
রোড আইল্যান্ডের মামলাকারীরা এক বিবৃতিতে বলেছেন, “এই রায় লাখো পরিবার, প্রবীণ ও সাবেক সেনাদের জন্য জীবনরক্ষাকারী সিদ্ধান্ত। এটি প্রমাণ করে— কোনো প্রশাসন জনগণের ক্ষুধাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে না।”
এদিকে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতারা পরস্পরকে দায়ী করছেন চলমান ফেডারেল অচলাবস্থার জন্য, যা দ্বিতীয় মাসে প্রবেশ করেছে, অথচ সমাধানের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।
