ইরান বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করবে না বলে জেনেছেন ট্রাম্প

Media

ইরানে সরকারবিরোধী বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই—এমন আশ্বাস তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে দেওয়া হয়েছে। তবে বিক্ষোভ দমনে সহিংসতার প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি ট্রাম্প।

বুধবার হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ট্রাম্প বলেন, তার প্রশাসনকে “বিশ্বস্ত সূত্র” জানিয়েছে যে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে এবং মৃত্যুদণ্ড কার্যকরের কোনো উদ্যোগ নেই। এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, “অন্য পক্ষের খুব গুরুত্বপূর্ণ সূত্র” থেকেই এ তথ্য পেয়েছেন তিনি এবং আশা প্রকাশ করেন, বিষয়টি সত্য প্রমাণিত হবে।

এ পরিস্থিতির মধ্যে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য উভয় দেশই তাদের কর্মী সংখ্যা কমাচ্ছে। বিবিসির মার্কিন অংশীদার সিবিএসকে ঘাঁটির কর্তৃপক্ষ জানিয়েছে, আংশিক মার্কিন প্রত্যাহারকে ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে নেওয়া হয়েছে।

এদিকে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে গত রাতে ইরানের আকাশপথ প্রায় পাঁচ ঘণ্টা ধরে অধিকাংশ ফ্লাইটের জন্য বন্ধ রাখা হয়। কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন জানিয়েছে, তারা ইরান এড়িয়ে বিকল্প রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।