যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। ইউরোপের আরও কয়েকটি দেশও একই পথে হাঁটতে পারে বলে জানা গেছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন উপলক্ষে বিশ্ব নেতারা এখন নিউইয়র্কে জড়ো হচ্ছেন। সেখানে গাজা যুদ্ধের অবসান ও দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথ খুঁজতে একটি বৈঠকের আয়োজন করা হবে।
এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্যের স্বীকৃতির পর প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের যে ঘোষণা ইসরায়েল দিয়েছে, সেটিকে অনুচিত বলে সতর্ক করেছে ব্রিটেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেছেন, এই পদক্ষেপ সঠিক হবে না।
অন্যদিকে, ফিলিস্তিন স্বীকৃতিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আখ্যা দিয়েছেন “সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার” হিসেবে।
‘আগামী নির্বাচনে ১৫০টি আসন পাবে এনসিপি’
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বাংলাদেশের আগামী নির্বাচনে কমপক্ষে ১৫০টি আসন পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একইসঙ্গে শাপলা প্রতীক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।
সোমবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “প্রতীক নিয়ে একটি ষড়যন্ত্র চলছে। এনসিপির নিবন্ধন অবশ্যই শাপলা প্রতীকেই হতে হবে—সাদা শাপলা বা লাল শাপলা। এ দাবি থেকে আমরা সরব না।”
এর আগে সোমবার এনসিপির একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সেখানে দলীয় নিবন্ধন, প্রতীক এবং প্রবাসীদের ভোটাধিকারসহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে।
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
এবারের শারদীয় দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার সকালে নারায়ণগঞ্জের মিশন পাড়া এলাকায় একটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সারাদেশে এ বছর প্রায় ৩৩ হাজার মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার, পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করবেন।
তিনি আরও জানান, প্রতিটি মন্দিরের নিরাপত্তায় মন্দির কমিটির সাতজন স্বেচ্ছাসেবক, আটজন আনসার সদস্যের পাশাপাশি পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মোতায়েন থাকবে।
