ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা এবং গত বছর নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। তার মতে, ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্পের নেওয়া পদক্ষেপের মাধ্যমে তিনি “বিশ্বের সামনে তা প্রমাণ করেছেন”, যা “মানবতার জন্য একটি বিশাল অগ্রগতি”।
এক সাক্ষাৎকারে ফক্স নিউজকে মাচাদো বলেন, “তার নেওয়া পদক্ষেপগুলোর জন্য আমরা কৃতজ্ঞ।” তিনি জানান, ভেনেজুয়েলার রাজনৈতিক সংকটে ট্রাম্পের ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।
নির্বাচন প্রসঙ্গে মাচাদো বলেন, তিনি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তবে সেই নির্বাচন মোটেও অবাধ ও সুষ্ঠু ছিল না। তার অভিযোগ, “মাদুরো পুরো রাষ্ট্রীয় ব্যবস্থা ও নির্বাচনী পরিষদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজের হাতে রেখেছিলেন। সেই পরিস্থিতিতে ভেনেজুয়েলায় স্বাধীন নির্বাচন পরিচালনা করা অসম্ভব ছিল।” তবুও তিনি দাবি করেন, “সব বাধা সত্ত্বেও আমরা তাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছি।”
দীর্ঘদিন আত্মগোপনে থাকার কথা উল্লেখ করে মাচাদো বলেন, তিনি “যত দ্রুত সম্ভব” ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগও প্রকাশ করেন তিনি। তার ভাষায়, আজই দেশে “উত্তেজনা বেড়েছে” এবং এর অংশ হিসেবে “১৪ জন সাংবাদিককে আটক করা হয়েছে।”
অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের প্রতি অনাস্থা জানিয়ে মাচাদো বলেন, “তাকে বিশ্বাস করা যায় না।” তিনি জোর দিয়ে বলেন, ভেনেজুয়েলার জনগণের জন্য প্রকৃত পরিবর্তন এখন অনিবার্য এবং সেই পরিবর্তনের পথে এগিয়ে যেতেই হবে।
