আদালতে নাটকীয় হাজিরায় নিজেকে ‘অপহৃত’ ও ‘যুদ্ধবন্দি’ দাবি মাদুরোর

Media

নিউইয়র্ক সিটির একটি আদালতের দরজা দিয়ে ঢোকার আগেই সোমবার শোনা যাচ্ছিল ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর পায়ের শেকলের শব্দ। এরপর আদালতকক্ষে উপস্থিত অসংখ্য সাংবাদিক ও দর্শকের সামনে তিনি দাবি করেন, তাকে “অপহরণ” করা হয়েছে।

সোমবার দুপুরে প্রায় ৪০ মিনিটব্যাপী নাটকীয় শুনানিতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে নিজেদের নির্দোষ দাবি করেন।

“আমি নির্দোষ। আমি একজন ভদ্র মানুষ,” আদালতে বলেন মাদুরো। তার পাশে দাঁড়িয়ে ফ্লোরেসও বলেন, তিনি “সম্পূর্ণ নির্দোষ”।

শুনানিজুড়ে মাদুরো ছিলেন প্রায় অভিব্যক্তিহীন। এমনকি শেষ মুহূর্তেও তার মুখে কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি—যখন দর্শক আসন থেকে এক ব্যক্তি হঠাৎ চিৎকার করে বলেন, মাদুরো তার কৃতকর্মের “মূল্য দিতে হবে”।

এর জবাবে স্প্যানিশ ভাষায় সেই ব্যক্তির দিকে চিৎকার করে মাদুরো বলেন, “আমি একজন প্রেসিডেন্ট এবং যুদ্ধবন্দি।” ওই ব্যক্তি কান্নারত অবস্থায় আদালতকক্ষ থেকে বেরিয়ে যান।

অন্যদিকে ফ্লোরেস ছিলেন অনেকটাই নীরব। তার চোখ ও কপালের কাছে ব্যান্ডেজ দেখা যায়। তার আইনজীবীরা জানান, সপ্তাহান্তে গ্রেপ্তারের সময় তিনি আঘাত পেয়েছিলেন।