ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিলেন মাচাদো

Media

ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো হোয়াইট হাউসে এক বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছেন। তিনি বলেন, এটি ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি ট্রাম্পের অঙ্গীকারের স্বীকৃতি।

প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে প্রথমবার সরাসরি সাক্ষাতের পর মাচাদো বলেন,“আমি মনে করি, আজ ভেনেজুয়েলার জনগণের জন্য একটি ঐতিহাসিক দিন।”

এই বৈঠকটি হয় এমন এক সময়ে, যখন কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের বাহিনী কারাকাসে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে এবং মাদক পাচারের মামলায় অভিযুক্ত করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প লেখেন, এই পদক উপহার দেওয়াকে তিনি “পারস্পরিক সম্মানের এক চমৎকার নিদর্শন” হিসেবে দেখছেন। তবে নোবেল কমিটি জানিয়েছে, নোবেল শান্তি পুরস্কার নিজে হস্তান্তরযোগ্য নয়।

২০২৪ সালের বহুল বিতর্কিত নির্বাচনে মাচাদোর আন্দোলন জয়ের দাবি করলেও ট্রাম্প এখনো তাকে ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে সমর্থন দেননি। বরং তিনি বর্তমানে দেশটির ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করা ডেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করছেন, যিনি মাদুরোর সাবেক ভাইস প্রেসিডেন্ট।

তবে ট্রাম্প বলেন, মাচাদোর সঙ্গে সাক্ষাৎ করা তার জন্য “বড় সম্মানের” বিষয় এবং তিনি তাকে “একজন অসাধারণ নারী, যিনি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছেন” বলে উল্লেখ করেন।

হোয়াইট হাউস থেকে বেরিয়ে মাচাদো বাইরে জড়ো হওয়া সমর্থকদের উদ্দেশে স্প্যানিশ ভাষায় বলেন, “আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর ভরসা করতে পারি।”

পরে সাংবাদিকদের ইংরেজিতে তিনি বলেন,“আমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দিয়েছি। এটি আমাদের স্বাধীনতার প্রতি তার অনন্য অঙ্গীকারের স্বীকৃতি।”