২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত, ৩০ মরদেহ উদ্ধার

Media

ভারতের আহমেদাবাদে একটি আবাসিক এলাকায় এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাটউইক অভিমুখে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটিতে ২৪২ জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ৫৩ জন ব্রিটিশ, ১ জন কানাডীয় এবং ৭ জন পর্তুগিজ নাগরিক ছিলেন। বাকি যাত্রীরা ভারতীয়। এদের মধ্যে দুইজন পাইলট ও ১০ জন ক্রু সদস্যও ছিলেন।

রয়টার্স জানিয়েছে, বিমানটি আহমেদাবাদের বিজে মেডিকেল কলেজের ছাত্রাবাসে আছড়ে পড়ে। ভবনটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং এখন পর্যন্ত সেখানে থেকে ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আরও অনেকে ভবনের ভেতরে আটকা পড়ে আছেন।

দুর্ঘটনার পরের ভিডিওতে দেখা গেছে, বিমানটি উচ্চতা না বাড়িয়ে নিচ দিয়ে উড়ে যাচ্ছিল এবং হঠাৎ ভূমিতে আছড়ে পড়ে বিকট বিস্ফোরণে আগুনের গোলায় পরিণত হয়। দুর্ঘটনার আগে প্রায় পাঁচ মিনিট ধরে বিমানটি আকাশে ছিল। স্থানীয় সময় ১টা ৩৮ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

আহতদের মধ্যে অন্তত ১১ জন মেডিকেল হোস্টেলের বাসিন্দা। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস ও জরুরি সেবাকর্মীরা। দুর্ঘটনার পরপরই আহমেদাবাদ বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

এনডিটিভির বরাত দিয়ে জানা গেছে, দুর্ঘটনাস্থলটি মূলত মেডিকেল শিক্ষার্থীদের হোস্টেল হিসেবে ব্যবহৃত একটি বহুতল ভবন।

দুর্ঘটনার পর প্রকাশিত ছবিগুলোতে দেখা গেছে, হোস্টেল ভবনটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়োজাহাজটির বিভিন্ন অংশ, বিশেষ করে চাকা ও ধ্বংসাবশেষ ক্যান্টিন এলাকায় আটকে আছে। ক্যান্টিনে খাবারসহ সারি সারি টেবিল থাকলেও, বিধ্বস্তের পর সেগুলো ধুলাবালিতে ঢেকে গেছে। ক্যান্টিনে থাকা শিক্ষার্থীরা দুর্ঘটনার সময় উপস্থিত ছিলেন কিনা, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহমেদাবাদ পুলিশ জানিয়েছে, হোস্টেলটিতে শুধু শিক্ষার্থীরাই নয়, স্থানীয় কিছু মেডিকেল পেশাজীবীও অবস্থান করতেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেছেন। ধ্বংসস্তূপের নিচে কেউ আটকা পড়ে আছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধারকাজে ডগ স্কোয়াড ও বিশেষ যন্ত্রপাতিও ব্যবহার করা হচ্ছে।

এদিকে, বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তারা দুর্ঘটনার প্রাথমিক তথ্য পেয়েছে এবং বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখছে।

এই ভয়াবহ দুর্ঘটনা গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং প্রশাসন সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে দেওয়া বার্তায় ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং উদ্ধার কার্যক্রমে সহায়তায় সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন।