মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

Media

লিওনেল মেসির ভারত সফরকে ঘিরে যুবভারতী ক্রীড়াঙ্গনে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় গভীর ব্যথা ও উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সমাজমাধ্যমে পোস্ট করে তিনি ফুটবল-তারকা লিওনেল মেসি, তার ভক্ত এবং সমস্ত ক্রীড়াপ্রেমীর কাছে প্রকাশ্যে ক্ষমা চান। একই সঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য একটি কমিটিও গঠন করেছেন মুখ্যমন্ত্রী।

এক্স (সাবেক টুইটার)-এ করা পোস্টে মমতা লেখেন, শনিবার সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে যে ‘অব্যবস্থা’ দেখা গিয়েছে, তাতে তিনি ‘স্তম্ভিত এবং বিচলিত’। তিনি জানান, মেসিকে এক ঝলক দেখার জন্য হাজার হাজার দর্শকের জমায়েতের সময় তিনিও ওই অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তবে বিশৃঙ্খলার খবর পাওয়ার পর মাঝপথ থেকেই তাকে ফিরে আসতে হয়।

মুখ্যমন্ত্রী তার পোস্টে লেখেন, “এই দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসি, সকল ক্রীড়াপ্রেমী এবং তাঁর অগণিত ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।” পাশাপাশি ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দেন তিনি।

এই ঘটনার তদন্তের জন্য গঠিত কমিটির নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন মুখ্যসচিব, অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্র দফতর এবং পার্বত্য বিষয়ক দফতরের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী জানান, কমিটি ঘটনার বিস্তারিত অনুসন্ধান করবে, দায়ীদের চিহ্নিত করবে এবং ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় সুপারিশ পেশ করবে।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ যুবভারতী স্টেডিয়ামে পৌঁছন লিওনেল মেসি। তাঁর সঙ্গে ছিলেন লুইস সুয়ারেজ় ও রদ্রিগো ডি’পল। গাড়ি থেকে নামার পরেই উচ্ছ্বসিত ভক্তদের ভিড় তাঁদের ঘিরে ধরে। নিরাপত্তাজনিত কারণে গ্যালারি থেকে ফুটবলপ্রেমীরা মেসিদের দেখতে না পাওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে স্টেডিয়াম।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মেসিদের মাঠ থেকে বের করে নিয়ে যাওয়ার পর ফেন্সিং ভেঙে প্রায় দু’হাজারের বেশি দর্শক মাঠে ঢুকে পড়েন। ভাঙচুর চালানো হয় স্টেডিয়ামের বিভিন্ন অংশে—ছিঁড়ে ফেলা হয় গোলপোস্টের জাল, ক্ষতিগ্রস্ত হয় সাজঘরের টানেল। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় র‍্যাফ। স্টেডিয়ামের বাইরেও উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জও করে।

এই ঘটনার মধ্যেই সমাজমাধ্যমে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা দুঃখপ্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন এবং তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেন।