বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শিরোনাম কেড়েছেন। মঙ্গলবার অনুষ্ঠিত মিনি নিলামে তিনবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে, যা আইপিএলের ইতিহাসে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ পারিশ্রমিক।
এর আগে সর্বোচ্চ ৬ কোটি রুপিতে দল পাওয়ার রেকর্ডও ছিল মোস্তাফিজের দখলেই। গত আসরে তাকে এই দামে দলে নিয়েছিল দুবাই ক্যাপিটালস। ওই মৌসুমে তিনি তিনটি ম্যাচ খেলে চারটি উইকেট নেন, তার ইকোনমি রেট ছিল ৭.৯১।
‘দ্য ফিজ’ নামে পরিচিত মোস্তাফিজ তার অভিজ্ঞতা ও কার্যকর বোলিংয়ের কারণে নিলামে ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন। আইপিএলে চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলার অভিজ্ঞতা তার প্রতি দলগুলোর আগ্রহ আরও বাড়িয়ে তোলে।
নিলামে মোস্তাফিজের নাম ওঠার সঙ্গে সঙ্গেই বেস প্রাইসে আগ্রহ দেখায় চেন্নাই সুপার কিংস (সিএসকে)। আগের মৌসুমে দলটির হয়ে খেলেছিলেন তিনি, তাই পাঁচবারের চ্যাম্পিয়নরা তাকে ফেরাতে আগ্রহী ছিল। তবে শুরু থেকেই বিডিংয়ে নেতৃত্ব দেয় কলকাতা নাইট রাইডার্স।
চেন্নাইয়ের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় দাম দ্রুত বাড়তে থাকে। এক পর্যায়ে দিল্লি ক্যাপিটালস সংক্ষিপ্ত সময়ের জন্য লড়াইয়ে যোগ দিলেও ৪ কোটি রুপি ছাড়ানোর পর তারা সরে যায়। শেষ পর্যন্ত কলকাতা ও চেন্নাইয়ের মধ্যে দ্বৈরথে কেকেআর জয়ী হয় এবং রেকর্ড দামে মোস্তাফিজকে দলে ভেড়ায়।
এর মাধ্যমে আইপিএলের নিলাম ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ মূল্য পাওয়ার নতুন মাইলফলক স্থাপন করলেন মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজ এখন কেকেআরের হয়ে খেলা চতুর্থ বাংলাদেশি ক্রিকেটার। এর আগে এই ফ্র্যাঞ্চাইজিতে খেলেছেন মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস।
বামহাতি এই পেসার আইপিএলে যথেষ্ট অভিজ্ঞ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন।
